এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চলতি অক্টোবর মাস থেকেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সরকারের হাতে রয়েছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন জাতীয় বেতনকাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপনটি জারি হয়েছিল। তবে বর্ধিত বেতন এককালীন নয়, বরং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে কয়েকটি ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেতন নির্ধারণের অংশ হিসেবে সরকারি কর্মচারীদের তথ্য অনলাইনে আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে, যা আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।
ভাতার বিষয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। নতুন বেতনকাঠামোর আদেশ কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা পেতেন, সেই হারেই ভাতা পাবেন। অর্থাৎ, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত ভাতার হার অপরিবর্তিত থাকবে। মূল বেতনের বর্ধিত অংশ পর্যায়ক্রমে বাস্তবায়নের অংশ হিসেবে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপের বেতন কার্যকর হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করেছে সরকার। বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি হয়েছিল ঠিক এক মাস আগে গত ১৯ সেপ্টেম্বর। অবশ্য নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা যে পরে দেওয়া হবে, সে ঘোষণা আগেই দিয়েছে সরকার।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীদের পুরো বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬–২৭ ও ২০২৭–২৮—এই দুই অর্থবছরে ধাপে ধাপে বেতন–ভাতা দেওয়া হবে।

























