মন্ত্রিসভায় বাতিল অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি
- আপডেট সময় : ০৪:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ না করেই প্রণয়ন করা হয়েছিল ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় আইনি ত্রুটি থাকায় সরকার এই তালিকা ও পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার জনগণের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা চূড়ান্ত করার আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। সেই বিধান অনুসরণ না করায় এই তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই তালিকা ও পদ্ধতির বৈধতা নিয়ে উচ্চ আদালতে একটি রিট দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন। এদিকে, ওষুধ ও কসমেটিকস আইনের বিধান অনুযায়ী গত ২৯ জুন নতুন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
সরকার এখন নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি না হয় এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।



























