যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত
- আপডেট সময় : ১২:৪৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এফএএ-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করেছিল। এটি প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছালে বিমানটি বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। ফ্লাইটটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন। আলাস্কান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি বেসামরিক ঠিকাদারের ফ্লাইট। পরবর্তী সময়ে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের কারোরই বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করে।
কমান্ডের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি মূলত বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের সুযোগ রয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।





























