ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান
- আপডেট সময় : ০৪:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দুর্গাপূজার উৎসবে এখন আভিজাত্যের পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও পরিবেশবান্ধব পোশাক বেছে নেওয়ার প্রতি ঝোঁক বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে সহজ, মার্জিত এবং বারবার পরার উপযোগী পোশাক। গরম ও আর্দ্র আবহাওয়ায় উৎসবের আনন্দ উপভোগ করতে আরামদায়ক পোশাকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে নিজস্ব স্টাইল। এই ভাবনা থেকেই এবারের পূজায় বিশেষ সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়া। তাঁর নতুন পোশাক সংগ্রহ ‘শারদ অর্পণ’-এ স্থান পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্প, প্রাকৃতিক তন্তু ও সমকালীন নকশার অনন্য সমন্বয়।
নতুন এই কালেকশনের চারটি বিশেষ রূপ ও সাজে মডেল হয়ে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলার প্রকৃতি, উৎসবের নিজস্ব আবহ এবং সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্যকে এই সংগ্রহের মূল অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। শরতের রূপ বদলের দৃশ্যপট, বাহারি ফুলের রং, পরিচিত সুবাস এবং বাংলার প্রকৃতির নানা উপাদান সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পোশাকে।
সংগ্রহটি সম্পর্কে ডিজাইনার অভিষেক জানান, বস্ত্র ও ফ্যাশনের ভাষায় তিনি বাংলার নানা অনুভূতিকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছেন। পোশাকের রংগুলো নির্বাচন করা হয়েছে বাংলার উৎসবের আবহ ও প্রকৃতি থেকে। নকশায় রয়েছে বাংলার উদ্ভিদ ও প্রাণিজগতের বিভিন্ন উপাদান। গাঁদা, রজনীগন্ধা, শিউলি ও পদ্মফুলের পাশাপাশি পেঁপেগাছ এবং রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার তাঁকে অনুপ্রাণিত করেছে। প্রতিটি মোটিফের মধ্যেই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, স্মৃতি ও সাংস্কৃতিক গভীর সংযোগ।
উৎসবের সাজে বিশেষ নজর কাড়তে ভারী পোশাকের কোনো প্রয়োজন নেই বলে মত দেন এই ডিজাইনার। কাপড়ের ধরন, রঙের সঠিক ব্যবহার, শাড়ি পরার ভিন্ন ভঙ্গি এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপনের কৌশলেই যেকোনো পোশাকে মনকাড়া ও আকর্ষণীয় রূপ তৈরি করা সম্ভব।


























