ঢাবি সিনেট নির্বাচন: জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং পুরো নির্বাচন প্রক্রিয়া সমন্বয়ের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কমিটির মূল দায়িত্ব হলো রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি নিশ্চিত করা এবং সিনেট নির্বাচনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা ও সমন্বয় করা। আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই মূলত এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সদস্যসচিব হিসেবে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।





























