ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা, ডাম্পিং ৪৯৯ গাড়ি
- আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং আইন মেনে চলা নিশ্চিত করতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ৪৯৩টি মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে ৪৯৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৫টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি বিভাগে পৃথকভাবে এসব মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩০০টি মামলা হয়েছে। তালিকায় এরপর রয়েছে মতিঝিল বিভাগ যেখানে ২৭৮টি, উত্তরা বিভাগে ২৫৬টি এবং লালবাগ বিভাগে ২২৭টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যান্য বিভাগগুলোর মধ্যে ওয়ারী বিভাগে ১৪১টি, তেজগাঁও বিভাগে ১০২টি, গুলশান বিভাগে ৯৯টি এবং রমনা বিভাগে ৯০টি মামলা করা হয়েছে। প্রতিটি বিভাগেই বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২৩টি বাস, ১৩টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৩টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ১০টি বাস, নয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে।
তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১০২টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১১টি বাস, ২২টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ২৪টি বাস, সাতটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। এছাড়া গুলশান বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯৯টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।





























