নতুন রাষ্ট্রপতিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
- আপডেট সময় : ০৭:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উপাচার্য তার বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য এবং একটি কল্যাণময় কর্মজীবন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতির প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। এছাড়া তার এই দায়িত্ব গ্রহণ উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে বলেও উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন রাষ্ট্রপতিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে উপাচার্য বলেন, আমরা খুবই এক্সাইটেড। অনেক দিন পর আমরা রাষ্ট্রপতি পেয়েছি। তিনি শুধু রাষ্ট্রপতিই নন, আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে। তিনি আরও বলেন, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষই এতে পুলকিত ও আনন্দিত। আমরা আশাবাদী যে নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ নতুন আঙ্গিকে এগিয়ে যাবে।
উল্লেখ্য যে, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৩৪৯ ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছিল, যার মধ্যে ২৫৫ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন।





























