সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত
- আপডেট সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, নিহত হোসাইন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করছে সংগঠনটি।
অন্যদিকে পরিবারের সন্দেহ, একটি পুরনো ঘটনার জেরে তাকে হত্যা করা হয়েছে।
২৭ এপ্রিল সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর ১টি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়, এর আগে গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন (৩২) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে, পেশায় তিনি একজন টং “চা-পান” দোকানদার তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায় যে, প্রতিদিনের মতো রবিবার শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার টং “চা-পান” দোকানে বসেছিল, রবিবার রাত আনুমানিক ১১টার দিকে ২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৩ থেকে ৪টি মোটরসাইকেল যোগে ১০-১৫ জনের মুখোশ পরিহিত ১ দল দুর্বৃত্ত শাহাদাতের দোকানের সামনে নামে, কিছু বুঝে ওঠার আগেই তারা শাহাদাতের পেছনে গিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা অটোরিকশা ও মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
পরে শাহাদাতকে উদ্ধার করে প্রথমে উপজেলার কেরানীহাট এলাকার ১টি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর ১টি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক সাড়ে ৫টার টার দিকে শাহাদাত মারা যান।
নিহত শাহাদাত হোসেনের বড়ভাই মোবারক হোসেন বলেন, আমার ভাই দোকানের সামনে ১টি চেয়ারে বসেছিলেন, ওই সময় ১০-১৫ জনের সন্ত্রাসী দল অতর্কিতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে এসে আমার ভাইয়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, গত কয়েক মাস আগে আমাদের এলাকা থেকে ইয়াবা সহ লোহাগাড়া উপজেলার ১ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে যৌথ বাহিনী, ওই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার পেছনে তার লোকজন আমার ভাইকে সন্দেহ করত, হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন বলেন, শাহাদাত জামায়াতে ইসলামীর কর্মী, তিনি আমাদের কর্মসূচিতে সব সময় সক্রিয় ছিলেন, তাকে এভাবে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

























