যশোরে জনসভায় ভিপি নূর: “রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন নয়
- আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, “আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের পতনের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।শুক্রবার বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে নূর বলেন, “এই দল হত্যাকাণ্ড, গুম, খুন, অর্থ লুটপাট আর ধর্ষণের সেঞ্চুরি করেছে। তাই এ দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রয়োজনে জুলাইয়ের গণ-আন্দোলনের মতো আবারও রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।”তিনি দাবি করেন, “গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এক কাপড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে রাজনীতির নির্দেশনা দিচ্ছেন। সাহস থাকলে দেশে ফিরে আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে সংঘটিত হত্যা, গুম ও লুটপাটের দায় স্বীকার করে জনগণের সামনে আসুন।”সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া আরও বক্তব্য রাখেন তারেক হাসান, কবিতা খানম, জি এম রাজু, জাকির হোসেন, বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর ও জুলফিকার আলী।























