নারায়ণগঞ্জে সাংবাদিকদের মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

মোঃ ইসমাঈল হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে রূপগঞ্জে একদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির অনলাইন বিভাগের পরিচালক মো. রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।”
প্রশিক্ষণ প্রদান করেন স্টার নিউজের সাংবাদিক হাবিবুর রহমান অভি, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক ও লেখক ভাবক খালিদ ইবনে আমীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন কাদের, পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর, ইন্টেলিজেন্স), রূপগঞ্জ থানা। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, সাহসিকতা ও জনসচেতনতামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে একজন সাংবাদিককে হতে হবে দক্ষ, বস্তুনিষ্ঠ ও জনদায়িত্বশীল। সাংবাদিকদের কলম যেন হয় সত্য, ন্যায় ও মানবতার পক্ষে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

























