পঞ্চমবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স
- আপডেট সময় : ০৫:০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত দানবাক্স এবং তিনটি ঐতিহাসিক ডেগ পঞ্চমবারের মতো আজ শনিবার (২৪ অক্টোবর) খোলা হচ্ছে। সকাল ৯টা থেকে দানবাক্সগুলো খোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে এবং সকাল সাড়ে ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ চলবে। প্রায় ১ মাস ৫ দিন (৩৫ দিন) পর আবারও এই দানবাক্সগুলো খোলা হচ্ছে। টাকা গণনা কার্যক্রম পরিচালনাকালে সিলেটের জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিরা সরেজমিনে উপস্থিত থাকবেন।
এর আগে দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় অনুষ্ঠিত প্রথম গণনায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরবর্তীতে ১১ জুলাই ১৭ দিন পর দ্বিতীয়বার দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়।
ধারাবাহিক এই প্রক্রিয়ায় ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রুপা সংগৃহীত হয়। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর প্রায় ৩৪ দিন পর চতুর্থবারের মতো দানবাক্স ও ডেগগুলো খোলা হয়েছিল, যেখানে প্রায় ৮৯ লাখ টাকা পাওয়া যায়।
মাজারের দানবাক্স খোলার এ নিয়ম সম্পর্কে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া যাবতীয় অর্থ ও সামগ্রী প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদে রাখা হচ্ছে। একই সঙ্গে মাজার তহবিলের যাবতীয় আয়-ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


























