পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান
- আপডেট সময় : ০৫:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফুটবল মাঠের জাদুকরী পারফরম্যান্সের পর এবার প্রকৃতির বুকেও নিজের নাম স্থায়ী করলেন লিওনেল মেসি। পেরুর আন্দিজ পর্বতমালায় বিজ্ঞানীদের কাছে নতুন ও অজানা একটি উদ্ভিদের সন্ধান পাওয়ার পর সেটির নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের নামে। নতুন আবিষ্কৃত এই উদ্ভিদটির নাম দেওয়া হয়েছে 'সালভিয়া মেসি'।
আর্জেন্টিনার কৃষিবিদ রোলান্দো উরিয়া প্রথম এই উদ্ভিদটির সন্ধান পান। নাগরিক বিজ্ঞানবিষয়ক একটি অনলাইন প্ল্যাটফর্মে উদ্ভিদটির অস্বাভাবিক কিছু ছবি দেখে তার সন্দেহ হয়, কারণ ছবিগুলো পরিচিত কোনো প্রজাতির সঙ্গে মিলছিল না। এরপর তিনি লিমার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন। পেরুর উদ্ভিদবিজ্ঞানী পাউল গনসালেস আরসে ও জ্যাঁ কাপচা রামোসকে নিয়ে উরিয়া কয়েক বছর ধরে পুরনো নমুনা পরীক্ষা এবং আন্দিজের পাহাড়ি ঢালে অনুসন্ধান চালিয়ে উদ্ভিদটির সত্যতা নিশ্চিত করেন।
প্রায় দেড় মিটার উঁচু এই গুল্মজাতীয় উদ্ভিদটির বৈজ্ঞানিক বিবরণ একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে কোনো বিখ্যাত ব্যক্তির সম্মানে নামকরণের সময় লাতিন ব্যাকরণ অনুযায়ী পদবির শেষে একটি 'আই' (i) যোগ করা হয়েছে, যার অর্থ 'মেসির উদ্ভিদ'। উদ্ভিদটির সাদা ও হালকা নীল রঙের পাপড়ি আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের কথা মনে করিয়ে দেয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় জন্ম নেওয়া এই উদ্ভিদটি বর্তমানে বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বনাঞ্চলে আগুন ও জলবায়ু পরিবর্তনের কারণে এর সীমিত আবাসস্থল হুমকির মুখে পড়েছে। উল্লেখ্য, এর আগেও মেসির নামে বিভিন্ন প্রজাতির নামকরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে 'সেরকোপেমসেস মেসি' ছত্রাক, 'আকান্থোগোনাটাস মেসি' মাকড়সা, 'লিওলায়েমুস মেসি' গিরগিটি, প্রাগৈতিহাসিক 'ভালচার মেসি' শকুন এবং 'ডিস্কনিস্কা মেসি' নামক ঝিনুকের মতো দেখতে প্রাগৈতিহাসিক খোলসি প্রাণী।




























