নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত
- আপডেট সময় : ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাংবাদিক লুৎফুজ্জামান বিরিশিরি উৎরাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।





























