প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান সরকার এই লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১৪ নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত 'বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬' উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও প্রণোদনা প্রদান করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন'। অনুষ্ঠানে মন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ১১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর হাতে অনুদানের চেক তুলে দেন।
মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং দৃষ্টিপ্রতিবন্ধী শিশুসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিরাই অত্যন্ত মেধাসম্পন্ন। তিনি আক্ষেপ করে বলেন, প্রতিবন্ধীদের প্রতি সম্মান ও দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি। বড় ভবন ও বিপণিবিতান নির্মাণের সময় র্যাম্পের ব্যবস্থা রাখা এবং গণপরিবহনে তাদের চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, তাদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমকে টেকসই করার লক্ষ্যে সরকার কাজ করছে।
গণপরিবহনের চালক ও সহকারীদের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের বিভিন্ন সংকট ও বাস্তবতা নিয়ে ইতিবাচক আলোচনা তৈরির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।
সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ কবীর। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
























