আত্রাইয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, এম.এ. কনফ্লিক্ট, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড, যুক্তরাজ্য)। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক সামাজিক ও পারিবারিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা গুরুত্বপূর্ণ ছবি-ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ সমাজ—মাদককে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধ করি এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হই।



























