নওগাঁর মহাদেবপুরে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার ওই গ্রামের নুরুন্নবীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তাসলিমা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর বেলা আড়াইটার দিকে তিনি তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তাসলিমা ও তার স্বামী সামির হোসেন পুকুরের পানিতে নামেন।
একপর্যায়ে তাসলিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




























