মহেশখালীর টার্মিনালে এলএনজির নতুন কার্গো খালাস শুরু
- আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) নতুন একটি এলএনজি কার্গো থেকে গ্যাস খালাস কার্যক্রম শুরু হয়েছে। 'ওয়েন চেং' নামক এলএনজিবাহী জাহাজটি বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে কেনা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে জাহাজটির সঙ্গে টার্মিনালের প্রথম সংযোগ স্থাপন করা হয় এবং এরপরই গ্যাস স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।
এর আগে সেপ্টেম্বর মাসেও বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়ার টোটালএনার্জি এবং অস্ট্রেলিয়ার আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করা হয়েছিল।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর মাসে মোট ১৯টি কার্গো এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসার কথা রয়েছে। এসব কার্গো যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।
এদিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাব অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট সরবরাহ এসেছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে এবং ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়েছে আমদানি করা এলএনজি থেকে।





























