মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির
- আপডেট সময় : ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটি আরও সুপারিশ করেছে যে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যেন প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান। পাশাপাশি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নিতে এবং বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সচেষ্ট থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
এছাড়াও, আহত জুলাই যোদ্ধাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান এবং রোকেয়া বেগম অংশ নেন।


























