হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের দাবি অনুযায়ী, মন্দরি গ্রামে মজিদ খান ও সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জায়েদুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্দরি গ্রামে মজিদ খান ও সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।




























