মহেশখালীতে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১
- আপডেট সময় : ০৬:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার বাদশাহ মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ রিফাত নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফয়সালের দুই হাত বেঁধে পিঠের ওপর ছয়-সাতটি ইট চাপিয়ে দেওয়া হয়েছিল। ইটের ভারে তিনি কাত হয়ে পড়লেও নির্যাতন থামেনি। ১৫ থেকে ২০ জন মানুষের সামনেই কেউ তাঁর চুল টানছিলেন, কেউবা মুখে ঘুষি মারছিলেন। একপর্যায়ে তাঁর মুখে ফেনা চলে এলেও মারধর বন্ধ করা হয়নি। এই অমানুষিক নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে পূর্ব ফকিরাঘোনা এলাকার বাসিন্দা কেফায়ত উল্লাহর বাড়িতে চোর সন্দেহে ফয়সালকে আটক করা হয়। পরে সকালে রাস্তার পাশে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর পিঠের ওপর ইট রেখে পেটানো হলে তিনি গুরুতর আহত হন। সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে ফয়সালের বাবা বাদশাহ মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ছেলে একজন দিনমজুর ছিলেন। কোনো কারণ ছাড়াই চোর সন্দেহে তাঁকে প্রকাশ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর জানান, মঙ্গলবার ভোররাতে চুরি করতে গিয়ে ফয়সাল ধরা পড়েন। পরে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। তবে চুরির অভিযোগ থাকলেও এভাবে নির্যাতন করে কাউকে হত্যা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফয়সালের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকেই মোহাম্মদ রিফাতকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, চোর সন্দেহে আটক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্তে সহায়ক হবে এবং সেটি দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

























