গরুর মাংস খাওয়ার মন্তব্য: বিশ্বজিতের পর এবার বিতর্কে অভিনেত্রী তিথি বসু
- আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করে সম্প্রতি ব্যাপক তোপের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা, কটাক্ষ ও ট্রোল চলছে। এমনকি তার ছবিতে জুতার মালা পরিয়ে বিকৃত ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বজিতের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের ভূয়সী প্রশংসা করেন। সেখানে তিনি ইলিশ মাছের পাশাপাশি গরুর মাংসের প্রতি নিজের ভালো লাগার কথা অকপটে জানান। তার সেই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তুমুল সমালোচনা।
এই বিতর্কের সূত্র ধরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী তিথি বসু। তিনি দাবি করেন, তাদের ধারাবাহিকের শুটিং সেটেও এমন অনেক Brahmin বা ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা নিয়মিত গরুর মাংস নিয়ে গল্প করতেন। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রির দোকানেও অনেক হিন্দুকে যেতে দেখেছেন বলে জানান তিনি।
তিথি বসু মন্তব্য করেন, “অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।” তিনি আরও যোগ করেন যে, কার কী ধর্ম বা কার কী খাদ্যাভ্যাস, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দকে অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়।
তবে তিথির এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তাকে নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের পক্ষে দাঁড়ালেও, অনেকেই তার কড়া সমালোচনা করছেন। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, “তুমি গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।” আবার অনেকের মতে, এই ধরনের স্পর্শকাতর ও ধর্মীয় অনুভূতি জড়ানো বিষয়ে তিথির কোনো মন্তব্য না করাই শ্রেয় ছিল। সব মিলিয়ে বিশ্বজিতের বিতর্কিত মন্তব্যকে ঘিরে কথা বলতে গিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিথি বসু নিজেই।





























