হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের
- আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানুষবিহীন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবার ভোরে হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের এই স্মার্ট সাবমেরিনটি আটক করে।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মনুষ্যবিহীন এই ডুবোজাহাজটি পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রের তলদেশের ম্যাপিং, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শনে সক্ষম।
তবে ইরানের এই দাবির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল জাজিরার সাথে আলাপকালে এক মার্কিন কর্মকর্তা জানান, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর একটি পুরোনো মডেলের আন্ডারওয়াটার ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। ওই কর্মকর্তার দাবি, ড্রোনটি চলমান অভিযানের সহায়তায় আঞ্চলিক জলসীমায় জরিপ চালাচ্ছিল। এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল না এবং এতে কোনো গোপন সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ বজায় রেখেছে। তেহরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন বন্দরে পাল্টা অবরোধ আরোপ করেছে।



























