শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওসি সহ আহত ৭
- আপডেট সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর সমবায় ব্যাংক বা জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা জমজম টাওয়ারের সামনে সমবেত হচ্ছিলেন। তাদের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সেখান থেকে ডাকবাংলো পর্যন্ত আনন্দ মিছিল হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহর সমর্থকরা লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সপু গ্রুপের অন্তত ছয়জন সমর্থক আহত হয়েছেন, যার মধ্যে একজনের মাথা ফেটে গেছে। আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকা মেম্বার (৫২), রাহাদ চৌকিদার (২৮), জসিম দেওয়ান (৪০) এবং বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সপু গ্রুপের এক সমর্থকের অভিযোগ, বিকেলে এমপি গ্রুপের কর্মসূচি থাকলেও সকালে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু এমপি গ্রুপের কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এমপি গ্রুপের দাবি, তারা কেবল মিছিল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জুয়েল মিয়া জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি।




























