নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:২৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২০। নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষার্থীর জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী উদ্বোধনের অংশ হিসেবে নরসিংদীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই আয়োজনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট চালিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, তারা শুধু বিদ্যুৎ ও গ্যাস খাতেই নয়, বরং দেশের অর্থ পাচার ও ব্যাংক লুটপাটেও জড়িত ছিল। তিনি আরও অভিযোগ করেন, তারা দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে পশ্চিমা সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছিল।
খায়রুল কবির খোকন বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক কার্যক্রম চালু করেছেন এবং নজরুল বর্ষের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব এনে সকল শিক্ষার্থীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান এবং জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



























