ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত না করার আহ্বান মার্কিন কমান্ডারদের
- আপডেট সময় : ০৪:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্কবার্তা দিয়েছেন শীর্ষ মার্কিন কমান্ডাররা। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে আলজাজিরা জানিয়েছে, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা হেগসেথকে পরামর্শ দিয়েছেন যেন তিনি ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান অব্যাহত না রাখেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় দায়িত্বরত কমান্ডাররাও এই সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন। নিয়মিত প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে এই কর্মকর্তাদের এমন অবস্থান উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি আনুষ্ঠানিক নোটিশ দাখিল করেছেন যেখানে তারা বর্তমান মোতায়েন আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও তা কার্যকর করার কথা জানিয়েছেন।
কমান্ডারদের উদ্বেগের মূল কারণ হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অন্যান্য সামরিক অভিযান পরিচালনা এবং সেনাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা হ্রাস পেয়েছে বলে তারা মনে করছেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ আসতে পারে—এমন আশঙ্কায় গত কয়েক মাস ধরে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছেন, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার দাবি।



























