ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে আহত চোর
- আপডেট সময় : ০৬:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির হোসেন নামের এক ব্যক্তি। আহত অবস্থায় সারা রাত তিনি গাছের নিচেই পড়ে ছিলেন। শনিবার সকালে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দবির হোসেন খাড়াকান্দা এলাকার বেলাল মিয়ার বাড়ির ডাব গাছে ওঠেন। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলেন তিনি। হঠাৎ গাছে থাকা ভিমরুলের একটি বাসায় আঘাত লাগলে ভিমরুলগুলো তাঁকে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে দবির হোসেন গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তাঁর কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে এবং তিনি নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়েন।
সারা রাত গাছের নিচে পড়ে থাকার পর শনিবার ভোরে দবির হোসেন প্রাণ বাঁচাতে বাড়ির মালিক বেলাল মিয়াকে ডাকাডাকি শুরু করেন। বাড়ির মালিক বেলাল মিয়া জানান, সকালে ঘুম থেকে ওঠার পর তিনি দবিরের ডাক শুনতে পান। তিনি বলেন, “আপনারা আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি।” পরে তিনি ওই ব্যক্তিকে ডাবসহ গাছের নিচে পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত রয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর স্বজনদের কাছে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























