ঘুষ নেওয়ার অভিযোগে বাঁশখালীর এসআই সুমন কবির ক্লোজড
- আপডেট সময় : ০১:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে এক ক্ষুদ্র ডেইরি খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার তাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্লোজড হওয়ার পর অভিযুক্ত এসআই সুমন কবির মৃধা ইতিমধ্যে বাঁশখালী ছেড়ে চট্টগ্রাম পুলিশ লাইনে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি চুরির মামলার তদন্তকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।
তদন্তাধীন চুরির ঘটনাটি ঘটেছিল গত ৭ জুলাই দিবাগত রাতে বাঁশখালীর চন্দ্রপুর গ্রামের বরপুরা এলাকায় নুরুল আলমের মালিকানাধীন ‘জামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে’। এ ঘটনায় খামারি নুরুল আলম বাদী হয়ে গত ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন কবির মৃধাকে।
মামলার বাদী নুরুল আলমের অভিযোগ, চুরির মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার বিনিময়ে তদন্ত কর্মকর্তা এসআই সুমন কবির মৃধা তাঁর কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে ঘুষ দিতে বাধ্য হন বলেও অভিযোগ তোলেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে এসআই সুমন কবির মৃধাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তদন্ত বা অনুসন্ধান করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

























