পীরগাছায় নকল সার কারখানায় অভিযানে ৭২ বস্তা সার জব্দ
- আপডেট সময় : ০৮:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় একটি বাড়িতে গড়ে ওঠা নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর বাজারের পশ্চিমে তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে ৭২ বস্তা ভেজাল সার এবং নামিদামি কোম্পানির নকল মোড়ক ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মালেক (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক আব্দুল মালেক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, আব্দুল মালেক প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। এর আগেও তিনি একাধিকবার ভেজাল সারসহ ধরা পড়েছিলেন। এবারও তার বাড়ি থেকে সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল মোড়ক, সার তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল পরে পারুল ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়েছে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মন্ডল, আসাদুল ইসলাম ও শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।





























