বেসিস নির্বাচন ২০২৬-২৮: ১১ পদের বিপরীতে ২৬ প্রার্থীর লড়াই
- আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬–২০২৮-কে সামনে রেখে প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১১টি পরিচালক পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন রাফেল কবির, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন, ভাইস প্রেসিডেন্ট-অ্যাডমিন পদে দুজন এবং ভাইস প্রেসিডেন্ট-ফিন্যান্স পদে তিনজন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ডাইরেক্টর-জেনারেল পদে, যেখানে ১০ জন প্রার্থী লড়ছেন। পাশাপাশি ডাইরেক্টর-অ্যাসোসিয়েট পদে তিনজন এবং ডাইরেক্টর-অ্যাফিলিয়েট পদে একজন প্রার্থী রয়েছেন। তবে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটি পদে কোনো প্রার্থী নেই। বেসিসের সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৮৮২ হলেও এই ক্যাটাগরিতে সদস্য মাত্র পাঁচজন হওয়ায় পদটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন নাসরিন সুলতানা ও মোহাম্মদ জাকির হোসেন। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের প্রশাসনিক পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। গত ৬ জুলাই বেসিস প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর থেকে সংগঠনটি প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাবেক সভাপতি ফাহিম মাশরুর অভিযোগ করেছেন, গত দেড় বছরে মন্ত্রণালয়ের কার্যক্রমে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সদস্যদের নির্বাচনী আগ্রহ কমেছে।
প্রকাশিত এই প্রাথমিক তালিকা অবশ্য চূড়ান্ত নয়। সিআইবি রিপোর্ট, এনবিআর ক্লিয়ারেন্স ও পুলিশ ক্লিয়ারেন্সে নেতিবাচক তথ্য পাওয়া গেলে পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। ফলে ২৬ সেপ্টেম্বরের ভোটের আগে প্রার্থীসংখ্যায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।





























