দেশের সিদ্ধান্তে অন্য কারও শ্বাসকষ্টের প্রয়োজন নেই: জামায়াত আমির
- আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির তার স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও অস্বস্তি বা শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মহলে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তার প্রেক্ষিতেই তিনি এই বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। প্রায় এক বছর আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন। এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে, যা নিয়ে বিভিন্ন দেশ সহজে বিষয়টি নিতে পারছে না বলে খবর রয়েছে।


























