সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি
- আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। গালফ নিউজের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে।
মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এনসিএম আরও জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল, জাজানের কিছু অংশ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে। এছাড়া পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃষ্টিসীমা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, এই বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করবে। বিশেষ করে মদিনায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।




























