আমার দেশ-এর নামে ফেসবুকে ৫১ ভুয়া পেজ সক্রিয়
- আপডেট সময় : ০৪:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ-এর নাম ও লোগো ব্যবহার করে একের পর এক ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতার নামে ভুয়া উক্তি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে ফেসবুকে 'Amar Desh' সার্চ করে অন্তত ৫১টি এমন ভুয়া পেজের অস্তিত্ব পাওয়া গেছে। এসব পেজের কিছুতে ছাত্রশিবির ও জামায়াতের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ছাত্রদল ও যুবদলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে রাজনৈতিক প্রচারণাও চালানো হচ্ছে।
দৈনিক আমার দেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজের নাম 'Daily Amar Desh'। পেজটি ২০২৪ সালের ২ নভেম্বর খোলা হয় এবং বর্তমানে এতে ১.৭ মিলিয়ন অনুসারী রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের ১৯ মার্চ খোলা 'Amar Desh' নামের আরেকটি ফেসবুক পেজে বর্তমানে ১ লাখ ৩৮ হাজার অনুসারী রয়েছে। পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, সেখান থেকে নিয়মিত ছাত্রশিবির ও জামায়াতের পক্ষে রাজনৈতিক প্রচারণা চালানো হয়। পাশাপাশি সরকার ও ক্ষমতাসীন দল বিএনপিকে ঘিরেও ধারাবাহিকভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়।
উদাহরণস্বরূপ, ৬ আগস্ট ওই পেজ থেকে একটি ফটোকার্ডে দাবি করা হয়, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা বলেছেন, "বিএনপি নেতাদের ডাকে যারা আসছিলো ওদের জন্য আমাকে কোনোদিন পালাইতে হয় নাই।" দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, "বিএনপি নেতাদের ডাকে যারা আসছিল, ওদের জন্য হাসিনাকে কোনোদিন পালাইতে হয় নাই।" সেই বক্তব্যই শেখ হাসিনার নামে ভুয়া উদ্ধৃতি হিসেবে প্রচার করা হয়েছে।
এই একই পেজ থেকে ছাত্রদল ও যুবদলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। ৫ আগস্ট এক পোস্টে দাবি করা হয়, "ঢাকা গ্রাফিক্স কলেজের হল দখলে নিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হা/ম/লা চালাচ্ছে স/ন্ত্রা/সী ছাত্রদল।" এর আগের দিন, ৪ আগস্টও ছাত্রদল ও যুবদলকে সন্ত্রাসী উল্লেখ করে আরেকটি পোস্ট প্রকাশ করা হয়। এছাড়া ২ আগস্ট আরেকটি পোস্টে দাবি করা হয়, "ছাত্রলীগ থেকে জনপ্রতি দুই লাখ টাকা করে নিয়ে শিক্ষাঙ্গনে সুযোগ করে দিচ্ছে ছাত্রদলের রাকিব ও নাসির।"
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১: ৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২২: ৩৫

























