মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু করেছে সরকার
- আপডেট সময় : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে (কেআইবি) আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, মিয়ানমারের পাশাপাশি মালয়েশিয়ার ‘পেট্রোনাস’ কোম্পানির সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে খুব দ্রুত কনটেইনারের মাধ্যমে এলএনজি গ্যাস দেশে আনা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এর ফলে বর্তমানে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে এবং জাতীয় গ্রিডে বাড়তি ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, দেশীয় সক্ষমতা বাড়াতে বাপেক্সকে পুনরুজ্জীবিত করা হচ্ছে এবং দুটি নতুন রিগ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ শান্তি, উন্নত চিকিৎসা, সন্তানের শিক্ষার সুব্যবস্থা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান চায়।
বেকারত্ব দূরীকরণের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চলছে, যেখানে চীনা ও কোরিয়ান বিনিয়োগ আসবে। পাশাপাশি বিটিএমসির বন্ধ পড়ে থাকা প্রায় ৫০টি মিল-কারখানা বেসরকারি খাতে চালুর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে বিশেষ ফান্ড চালু করা হয়েছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলন ছিল জনগণের আন্দোলন এবং এর সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আহতদের সুচিকিৎসা এবং প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থাকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের মাধ্যমে শিখন ধারণায় ঢেলে সাজানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



























