মাগুরার নড়িহাটি গ্রামে মেসি ভক্তদের রঙে সাজল ‘আর্জেন্টিনা সেতু’
- আপডেট সময় : ০১:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। এরই ধারাবাহিকতায় মাগুরা সদরের নড়িহাটি গ্রামের মেসি ভক্তরা একটি ব্রিজকে আর্জেন্টিনার পতাকার সাদা ও আকাশি রঙে রাঙিয়ে তুলেছেন। দৃষ্টিনন্দন এই সেতুটির নাম স্থানীয়রা দিয়েছেন ‘আর্জেন্টিনা সেতু’।
সেতুটির এমন সাজসজ্জা এখন গ্রামটিকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে দূরদূরান্ত থেকে আর্জেন্টিনা ও মেসি ভক্তরা এখানে ভিড় করছেন। দর্শনার্থীরা কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউবা টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেতুটি ‘আর্জেন্টিনার ব্রিজ’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।
শিবরামপুর শেখ পাড়া গ্রামের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং আর্জেন্টিনা সমর্থক রুকাইয়া ইসলাম রাখা বলেন, গ্রামের আর্জেন্টাইন ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ এই ব্রিজের রঙ। লিওনেল মেসি তার ছোটবেলা থেকেই প্রিয় খেলোয়াড় উল্লেখ করে তিনি জানান, মেসির অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ তারা এবং ২০২৬ বিশ্বকাপে মেসি ও আর্জেন্টিনার জয়ের ব্যাপারে তারা আশাবাদী।
নড়িহাটি গ্রামের বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক অঙ্কু ঘোষ অর্ক জানান, মেসির খেলার প্রতি মুগ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তার বিশ্বাস, আগের বিশ্বকাপগুলোর মতো এবারও মেসি দুর্দান্ত খেলবেন এবং বিশ্বকাপ ট্রফি তার হাতেই উঠবে। একই গ্রামের অনিন্দ্য ঘোষ বলেন, বন্ধুদের সাথে সময় পেলেই তারা এই ব্রিজে ঘুরতে আসেন এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তারা ভীষণ আনন্দিত হবেন।
মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়া থেকে আসা শ্রাবণী বিশ্বাস ফেসবুকের মাধ্যমে জেনে এখানে ঘুরতে এসেছেন। তিনি বলেন, মেসি ফুটবলের সর্বকালের সেরা জাদুকর এবং তার ক্রীড়া নৈপুণ্য যে কাউকেই মুগ্ধ করবে। তার বিশ্বাস এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।


























