রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”
- আপডেট সময় : ১০:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই।”
রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলাম মানবতার মুক্তির সনদ। মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে আল-কুরআনে। কুরআনের বিধানই পারে সমাজের সকল বৈষম্য দূর করে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।”
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, “নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।”
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের মূল প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়া। কিন্তু নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়নে ক্ষমতাসীনদের ব্যর্থতায় জনগণ হতাশ।”
আনোয়ার হোসেন মোল্লা বলেন, “রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এসব বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাজপথে নেমে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হবে।”
সম্মেলনের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন:- উপজেলা চেয়ারম্যান : আবদুল মোতালিব ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান : অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান : অ্যাডভোকেট আবদুস সামাদ মোল্লা, দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান : কামারুজ্জামান কামাল, মুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান : হাফেজ ফেরদাউসুর রহমান, ভোলাব ইউনিয়ন চেয়ারম্যান : অ্যাডভোকেট রায়হান ইসলাম, ভুলতা ইউনিয়ন চেয়ারম্যান : মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা।




























