বগুড়া-কাহালুতে ৬ বছরের দুই বাচ্চা ধর্ষণ প্রতিবেশীর হাতে: অভিযোগে মামলা
- আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৮২৬ বার পড়া হয়েছে

আব্দুল হালিম স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালুতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। ১২ মার্চ এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
মেয়েকে ধর্ষণের অভিযোগে এক মা বাদী হয়ে গতকাল শুক্রবার কাহালু থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার দুই শিশুকে কৌশলে শয়নকক্ষে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ এবং অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুর ইসলাম। এ কথা কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখান। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তখন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
গতকাল রাতে থানায় মামলা রেকর্ড করার পর পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয় এবং চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করে।
কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে৷























