ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক হিসাব-নিকাশ। যদিও নির্বাচন কমিশন এখনো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোটের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি, তবুও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, পোস্টার-ব্যানার এবং দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ের প্রস্তুতিতে এরই মধ্যে সরব হয়ে উঠেছে দুই সিটির রাজনীতি। বিএনপির নীতিনির্ধারকরা এই স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন। ফলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত জনপ্রিয়তা, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা, নিজস্ব ভোটব্যাংক এবং সাংগঠনিক দক্ষতার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্র ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, দুই সিটিতেই একাধিক হেভিওয়েট নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপির প্রার্থী তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গত নির্বাচনের ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল। ২০২০ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের আতিকুল ইসলামের কাছে পরাজিত হলেও তাবিথ মনে করেন, কারচুপির কারণে তিনি জয় পাননি। দল আবার সুযোগ দিলে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। তবে এবার নতুন সমীকরণে আলোচনায় এসেছেন ডিএনসিসির বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক এই সদস্য সচিবের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। এছাড়া উত্তর বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে, যাঁর রয়েছে দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি ও স্থানীয় নেতাকর্মীদের বড় অংশের সমর্থন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বিএনপির প্রার্থী বাছাইয়ের সমীকরণ তুলনামূলকভাবে বেশি কঠিন হয়ে উঠেছে। এখানে আলোচনার শীর্ষে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ২০২০ সালের নির্বাচনে ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পাওয়া ইশরাকের পক্ষে রয়েছে পুরান ঢাকার পারিবারিক ঐতিহ্য। তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকার মেয়র। ইশরাক জানিয়েছেন, দল চাইলে তিনি নির্বাচন করতে প্রস্তুত এবং প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তেও রাজি। তবে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ডিএসসিসির বর্তমান প্রশাসক আব্দুস সালাম। ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও ওয়ার্ড চেয়ারম্যান হিসেবে সালামের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও দক্ষিণে অন্যতম শক্তিশালী প্রার্থী। স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব সোহেলের রয়েছে তৃণমূল পর্যন্ত শক্ত সাংগঠনিক বলয়।
বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, শুধু দলীয় পরিচয় বা সাংগঠনিক পদ নয়, প্রার্থী বাছাইয়ে সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে জয় পাওয়ার সক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। উত্তরে গাবতলী, মিরপুর, বাড্ডা, ভাটারা, উত্তরা ও আব্দুল্লাহপুরের মতো বৈচিত্র্যময় এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি দক্ষিণে পুরান ঢাকা ও নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর ভোটারদের স্থানীয় অগ্রাধিকারও ভিন্ন। তবে দল এখনো কাউকে আনুষ্ঠানিক 'সবুজ সংকেত' দেয়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, মনোনয়ন নিয়ে হাইকমান্ডে আনুষ্ঠানিক আলোচনা এখনও শেষ হয়নি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগে নির্বাচনের সময়সূচি ঘোষণা হতে হবে, এরপর প্রার্থী নির্ধারণের কৌশলগত আলোচনা হবে। এদিকে, মেয়র প্রার্থী চূড়ান্ত না হলেও মাঠ গোছাতে শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে আটটি বিশেষ টিম গঠন করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের আমলনামা ও জনপ্রিয়তা যাচাই করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
This website uses cookies.