সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে
- আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট নম্বর বিএস ৩৬২ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। ফ্লাইটটি ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় মোঃ শাহেদ আহম্মেদ নিহত হন। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম এবং তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।
নিহত শাহেদ আহম্মেদের কর্মস্থল সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে তার বকেয়া বেতন-ভাতা এবং সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই অর্থ দ্রুত নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



























