বিপিসির নতুন চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম
- আপডেট সময় : ১১:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে ড. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। এর আগে সংস্থাটির শীর্ষ পদটি নিয়ে বেশ কিছুদিন ধরে রদবদল চলছিল।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর ২ আগস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় জিয়াউল হককে। তবে এর পাঁচ দিন পর, অর্থাৎ ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।
জিয়াউল হকের পদোন্নতির পর আবারও ৫ দিন খালি থাকে বিপিসির চেয়ারম্যান পদটি। পরবর্তীতে গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার সেখানে নতুন পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ড. মো. রফিকুল ইসলাম।

























