স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের এই বৃহত্তর সহায়তার তালিকায় রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী যন্ত্র, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ উপকরণ।
এই সরঞ্জাম ও উপকরণগুলো এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই এবং ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালের সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে সুদৃঢ় করতে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেরও একটি অংশ। এছাড়া দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


























