জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উদ্যোগগুলোকে কার্যকর বাস্তবায়নের অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। গত সোমবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই অধিবেশন শুক্রবার শেষ হবে। শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা 'ইনভেস্ট বাংলাদেশ' বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
অধিবেশনে বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও বিনিয়োগ প্রবাহের পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগ নীতি নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করার উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশ ও তিউনিসিয়াকে দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরা হয় এবং দেশ দুটির অর্জনকে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির জন্য কার্যকর মডেল হিসেবে অভিহিত করা হয়।
বাংলাদেশের পক্ষে অধিবেশনে প্রতিনিধিত্ব করেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের বাস্তবায়নকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বাস্তব বাধাগুলো দূর করা জরুরি। এর মধ্যে নিরাপত্তা ছাড়পত্র দ্রুত করা, বৈদেশিক অর্থায়ন সহজ করা, মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া স্পষ্ট করা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো অন্যতম। তিনি আরও জানান, গত বছর এসব অঙ্গীকার প্রকাশ্যে ঘোষণা করে অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং এ বছর ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।
এই আলোচনার ভিত্তি ছিল আঙ্কটাডের 'রিপোর্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ অব বাংলাদেশ', যেখানে ২০১৩ সালের প্রথম ইনভেস্টমেন্ট পলিসি রিভিউয়ের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে নিয়ন্ত্রক প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ডিজিটাল বিনিয়োগসেবায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করা হয়েছে। এছাড়া, আঙ্কটাড ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬-এ বাংলাদেশকে গত বছর গ্রিনফিল্ড বিনিয়োগ পাওয়া স্বল্পসংখ্যক স্বল্পোন্নত দেশের একটি হিসেবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই প্রতিবেদনে বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের নাম রয়েছে। এদিকে, বিনিয়োগকারীদের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে 'ইনভেস্ট বাংলাদেশ' গঠন করা হয়েছে, যা আঙ্কটাডের একটি সুপারিশ বাস্তবায়নের অংশ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.