সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কামরুজ্জামান প্রামাণিক (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান।
আটক কামরুজ্জামান উপজেলার থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে কামরুজ্জামান ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তার দুই ছেলেকে পাশের একটি কক্ষে আটকে রাখেন। পরে গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ভোরে গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানায়।
ফোন পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানকে আটক করে এবং গৃহবধূকে উদ্ধার করে।
অভিযোগের সূত্র ধরে মেজর মোস্তফা জামান জানান, ভুক্তভোগী গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করেন অভিযুক্ত কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি।
এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা করা হয়েছে।























