পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে দুটি বড় উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আজ ১৬ মে ২০২৬ (২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক।
পৌরসভা সূত্রে জানা গেছে, উদ্বোধিত প্রকল্প দুটির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ দুটি রুটে একযোগে রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্প দুটি হলো:-
১. পার্বতীপুর পৌরসভার সুন্দরী পাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।
২. পৌরসভার কালীবাড়ী মোড় হতে নামাপাড়া ও পোড়ভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।
উদ্বোধনকালে প্রধান অতিথি জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। টেকসই কাজের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।
উক্ত উন্নয়ন প্রকল্প দুটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর পৌরসভার প্রশাসক জনাব মো: সাদ্দাম হোসেন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।



























