ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।’ তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নের একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে বিজয়ী হতে পারবেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।’ তিনি জোর দিয়ে বলেন যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে, যাঁরা বিজয়ী হয়ে আসবেন। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি নির্বাচনে জয়ী হতে না পারলে তা কাজে আসবে না।
দলকে সবচেয়ে বড় আমানত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কেউ দলের সঙ্গে বেইমানি করলে কিংবা দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে বিকল্প কিছু করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























