কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের
- আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কুয়েতের গৃহকর্মী খাতে এশীয় দেশগুলোর নাগরিকদের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে কর্মরত মোট গৃহকর্মীর ৮৬ দশমিক ১ শতাংশই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিক। এই চারটি দেশ থেকে আসা মোট গৃহকর্মীর সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ৭৪৪ জন।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, কুয়েতের গৃহকর্মী খাতে সবচেয়ে বড় অংশটি ভারতের। দেশটিতে কর্মরত মোট গৃহকর্মীর প্রায় ৩৯ শতাংশ বা ৩ লাখ ৪৪ হাজার ৫৩২ জনই ভারতীয় নাগরিক। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের ১ লাখ ৫৭ হাজার ৯০১ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, যা মোট গৃহকর্মীর ১৭ দশমিক ৯ শতাংশ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন। দেশটিতে ১ লাখ ৫১ হাজার ৩৬৯ জন গৃহকর্মী রয়েছেন, যা মোট সংখ্যার ১৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের ১ লাখ ৬ হাজার ৯৪২ জন নাগরিক কুয়েতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত, যা দেশটির মোট গৃহকর্মীর ১২ দশমিক ১ শতাংশ।
প্রকাশিত তথ্যানুযায়ী, কুয়েতের প্রতি ১০ জন গৃহকর্মীর মধ্যে আটজনেরও বেশি এই চার দেশের নাগরিক। বাকি ১৩ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১ লাখ ২২ হাজার ৫৬৪ জন গৃহকর্মী অন্যান্য দেশের নাগরিক। পরিসংখ্যান থেকে এটি স্পষ্ট যে, কুয়েতের গৃহকর্মী খাতে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের বড় ধরনের প্রাধান্য রয়েছে।



























