আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
- আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আলবেনিয়ার রাজধানী তিরানা এখন সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছোড়ারও অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন লক্ষ্য করে ইট-পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে এই আন্দোলন গড়ে উঠেছে। আন্দোলনটি এখন ক্রমেই বিস্তৃত হচ্ছে, যার অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করে সরাসরি বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির বর্তমান রাজনৈতিক শ্রেণি দুর্নীতিগ্রস্ত।
অন্যদিকে, প্রধানমন্ত্রী এদি রামা এই আন্দোলনের পেছনে বিরোধী দল ও বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন। চলমান এই সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন। এ পর্যন্ত ৮০ জনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে এবং কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বিরুদ্ধেই বর্তমানে তদন্ত চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রামা বর্তমানে জন-অসন্তোষ ও দুর্নীতির অভিযোগের চাপে রয়েছেন। বিক্ষোভকারীদের একটি অংশ দেশটিতে এক বছরের জন্য নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। তবে দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ১৪০টি আসনের মধ্যে ৮৩টি আসন রয়েছে। আলবেনিয়াতে পরবর্তী সংসদ নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা রয়েছে।
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫: ৪০আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫: ৪৪




























