ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ‘এএইচ-৬আই’ মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা দুই কর্মকর্তা শহীদ হয়েছেন।
তবে ভিন্ন দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ অক্টোবর) রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারির একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে ইয়াহিয়া দাবি করেন, সীমান্তের কাছে হুথিদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালানোর সময় তাদের যোদ্ধারা সৌদি আরবের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে।
হুথিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের দমনে বিমান হামলা চালিয়েছে। গত জুলাই মাস থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই নতুন সংঘাতের জেরে সৌদি আরব হুথিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে এবং এর জবাবে হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন তেল অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।



























