শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক
- আপডেট সময় : ০৪:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের হাসানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা ছত্রাজিতপুর-ফুলতলা এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়লে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





























