জীবননগরে ৭৫ বোতল ভারতীয় সিরাপসহ যুবককে ধরল বিজিবি
- আপডেট সময় : ০৫:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি সদস্যরা।
আটক ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত জীবননগর ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার হাসমত আলী। তিনি জানান, মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


























