কক্সবাজারের হোটেলে নারীর রক্তাক্ত মরদেহ, সাথে ছিল দুই বছরের শিশু
- আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্ট থেকে কুলসুমা আক্তার নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হোটেলের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ঈদগাঁও উপজেলার চান্দেরঘোনা এলাকায় এবং তার বাবার নাম আলম।
হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টার দিকে কুলসুমা আক্তার এক অজ্ঞাত যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষে ওঠেন। তাদের সঙ্গে দুই বছরের একটি শিশুও ছিল। হোটেলের রেজিস্টারে তাদের ঠিকানা ঈদগাঁও উপজেলার ভাদিতলা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত হয় পরদিন, যখন হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে ওয়াশরুমে কুলসুমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের স্বামী হারুনের সঙ্গে তার একটি মামলা চলমান রয়েছে এবং সেই মামলার হাজিরা দিতেই কুলসুমা কক্সবাজারে এসেছিলেন। পুলিশ নিশ্চিত করেছে যে, হোটেলে থাকা যুবকটি তার স্বামী নন।
হোটেল কর্মচারীদের ভাষ্যমতে, ওই যুবকের নাম আরফান বলা হলেও তার প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। পুলিশ ওই যুবককে শনাক্ত করার পাশাপাশি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং ওই যুবক কুলসুমার পূর্বপরিচিত কি না, তা খতিয়ে দেখছে।



























